পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর রহমানকে দেওয়া অনাপত্তি সনদ (এনওসি) প্রত্যাহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব)। এছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রামে রাখতে নাহিদ রানাকেও এনওসি দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানানো হয়। তারা দু'জনই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই।
বলা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা মেডিকেল দল পর্যালোচনা করেছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, শারীরিক অবস্থা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য অবিলম্বে একটি স্ক্যান করা হবে এবং পরে বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে মোস্তাফিজের একটি পুনর্বাসন কর্মসূচি শুরু হবে।
পুনর্বাসন কর্মসূচি চলায় বোর্ড মোস্তাফিজকে পূর্বে দেওয়া অনাপত্তি সনদ (এনওসি) প্রত্যাহার করে নিয়েছে। ফলে পিএসএল-২০২৬-এর বাকি অংশে মোস্তাফিজ আরও অংশগ্রহণ করতে পারবেন না।
বিসিবি আরও জানায়, ফাস্ট বোলার নাহিদ রানাকে পিএসএল ২০২৬-এর জন্য ছাড়া হবে না। মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে পর্যাপ্ত প্রস্তুতির সময় দেওয়ার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
