জশ ইংলিসের দিকে তেড়ে যাওয়ায় নাহিদ রানাকে আইসিসির তিরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১০ জুন ২০২৬
জশ ইংলিসের দিকে তেড়ে যাওয়ায় নাহিদ রানাকে আইসিসির তিরস্কার

অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়া এবং অশালীন ভাষা ব্যবহার করায় টাইগার পেসার নাহিদ রানাকে তিরস্কৃত করেছে আইসিসি। একই সাথে তার নামের পাশে শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

বুধবার (১০ জুন) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করেছে নাহিদ রানা। যার ফলে টাইগার ফাস্ট বোলার নাহিদ রানাকে তিরস্কার করা হয়েছে।

পাশাপাশি নাহিদের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে নাহিদ রানার এটি দ্বিতীয় অপরাধ, যার ফলে তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট বেড়ে দুটি হয়েছে।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। অসি ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর আক্রমণাত্মকভাবে তেড়ে যান নাহিদ রানা এবং অশালীন ভাষা ব্যবহার করেন।

এমন আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারত। বিষয়টি নিয়ে মাঠ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগ আনেন।

পরে নাহিদ অপরাধ স্বীকার করেন এবং এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন, ফলে আনুষ্ঠানিকভাবে আর শুনানির প্রয়োজন হয়নি।

এমন অপরাধে (লেভেল ১ লঙ্ঘন) সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার, সেটাই পেয়েছেন নাহিদ রানা। যার সর্বোচ্চ শাস্তি ছিল ম্যাচ ফির ৫০ শতাংশ এবং দুটি ডিমেরিট পয়েন্ট।



শেয়ার করুন :