খেলতে পারছেন না লিটন, নেতৃত্বে তাওহিদ হৃদয়ের অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৭ জুন ২০২৬
খেলতে পারছেন না লিটন, নেতৃত্বে তাওহিদ হৃদয়ের অভিষেক

সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ফলে ম্যাচটিতে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। এ ম্যাচ দিয়ে অধিনায়কত্বে অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের।

লিটন দাসের পরিবর্তে টস করতে নামে তাওহিদ হৃদয়। নিজের প্রথম টস ভাগ্যে জয়ী হয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তাওহিদ হৃদয়।

লিটন দাসের বাম পায়ের কাফ মাসলে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাসলে টান লাগার পর বিশ্রাম নিয়ে আবারও ব্যাট করলেও এখনো পুরোপুরি সেরে উঠেননি।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন, লিটন দাসের বাম পায়ের কাফ মাসলে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে।

তিনি বলেন, ‍“চোটটি সামান্য বলে মনে করা হচ্ছে। তবে তিনি (লিটন দাস) সিরিজের প্রথম ম্যাচে (টি-টোয়েন্টি) খেলতে পারবেন না। তিনি সেরে উঠার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন।”

লিটন দাসের সেরে উঠার বিষয়ে দেলোয়ার হোসেন শিবা বলেন, “চিকিৎসা ও পুনর্বাসনে প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে লিটন দাস পরবর্তী ম্যাচগুলোর জন্য ফিট হতে পারবেন কি-না। আমরা তার অবস্থার উপর নিবিড়ভাবে নজর রাখছি।”

তাওহিদ হৃদয়ের অধিনায়কত্বের অভিষেক ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে আব্দুল গাফ্ফার সাকলাইনের। এছাড়া শেষ সময়ে দলে ফেরানো সৌম্য সরকারও রয়েছেন একাদশে।

ইনজুরির কারণে লিটন দাস খেলতে না পারায় উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, মাহেদী হাসান, আব্দুল গাফ্ফার সাকলাইন, রিশাদ হোসেন, শরিফুর ইসলাম, মোস্তাফিজুরর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও স্পেন্সার জনসন।



শেয়ার করুন :