সিপিএল খেলতে দেশ ছাড়লেন মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিপিএল খেলতে দেশ ছাড়লেন মিরাজ

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শনিবার (৫ সেপ্টেম্বর) যাত্রার আগে বিমানে বসা অবস্থায় নিজের একটি ছবি অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন মিরাজ।

আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে মিরাজকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এর আগে ২০১৭ সালে মিরাজকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে আসরে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলে ইমরান তাহির, শিমরন হেটমায়ার, শাই হোপ, গ্লেন ফিলিপস ও রোমারিও শেফার্ডের মতো বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারকে পাবেন মিরাজ। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা দেওয়ার পোস্টে মিরাজ লেখেন, ‍“নতুন এক চ্যালেঞ্জের লক্ষ্যে সিপিএলের উদ্দেশ্যে রওনা হলাম। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান যাত্রাকে বরণ করে নিতে আমি প্রস্তুত।”


বিষয়ঃ

শেয়ার করুন :