দাপুটে জয়ে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১১ জুলাই ২০২৬
দাপুটে জয়ে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হারের পর ওয়ানডেতেও প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। তবে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

 

সিরিজের প্রথম দুই ওয়ানডে যথাক্রমে- ২৫ ও ১৩ রানে হেরেছিল টাইগাররা। শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল তারা। ওয়ানডে সিরিজের আগে চলতি সফরে এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

শনিবার (১১ জুলাই) সিরিজে তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ৪২.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৯৯ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। বল হাতে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার ১৫১ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে দলের রান ১শতে নেন তারা।

দলের রান তিন অংকে পৌঁছে দেওয়ার পথে ব্যক্তিগত ২৭ ও ৩৭ রানে জীবন পান তানজিদ। তারপরও ৪৯ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

তানজিদের পর হাফ-সেঞ্চুরির দেখা পান সৌম্যও। ৬৪ বলে ওয়ানডেতে ১৫তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। ২৮তম ওভারে দলীয় ১৫১ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গা। ৬টি চার ও ২টি ছক্কায় ৮২ বলে ৬৯ রান করে চিভাঙ্গার বলে বোল্ড হন সৌম্য।

সৌম্য ফেরার পর দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৪৬ রানের জুটিতে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন তানজিদ ও নাজমুল হোসেন শান্ত। তবে জয় থেকে ৩ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। জিম্বাবুয়ের পেসার আর্নেস্ট মাসুকুর শিকার হওয়ার আগে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে ৯৪ রান করেন তিনি।

চার নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই মাসুকুর দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। এরপর বাকী ৩ রান তুলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শান্ত ও নুরুল হাসান। শান্ত ১৮ রানে ও নুরুল শূন্য রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের মাসুুকু ২টি ও চিভাঙ্গা ১টি উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের তানজিদ ও সিরিজ সেরা হন জিম্বাবুয়ের ইভান্স।



শেয়ার করুন :