ফাইনাল খেলার লক্ষ্য থাকলেও সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে নারী এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা। আসরের প্রথম সেমি-ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় ৪০ রানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম সেমি-ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ফলে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়ে ভারত।
দলের পক্ষে ওপেনার শেফালি বার্মা ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক হারমানপ্রীত কৌর অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে বল হাতে সুলতানা খাতুন ২টি এবং মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান একটি করে উইকেট নেন।
১৫০ রানের লক্ষ্যে শুরুটা ভালো করলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান (অপরাজিত) করে স্বর্ণা আক্তার।
এছাড়া ওপেনার দিলারা আক্তার ২১, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৯, সোবহানা মোস্তারি ১৮ এবং জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহিমা খাতুন সমান ১৪ রান করে করেন।
