আচরণবিধি ভাঙায় ভারতীয় নারী পেসারকে জরিমানা করলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আচরণবিধি ভাঙায় ভারতীয় নারী পেসারকে জরিমানা করলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ফাইনালে আচরণবিধি ভাঙার দায়ে ভারতের পেসার ক্রান্তি গৌড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে এমন ঘটনা ঘটে। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় নারী দল।

ম্যাচটিতে আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন গৌড়। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন কোন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ, যা ব্যাটারকে হেয় করে বা তার কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে ওপেনার ইমেশা দুলানিকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন গৌড়। এই অঙ্গভঙ্গির কারণেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে গৌড় নিজের অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে আর শুনানির প্রয়োজন হয়নি।

এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সুপ্রিয়া রানি দাস এই শাস্তি দেন। এর আগে মাঠের আম্পায়ার সালিমা ইমতিয়াজ ও শাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার হুমাইরা ফারাহ অভিযোগ আনেন।

আচরণবিধি ভাঙার অপরাধে ক্রান্তি গৌড়কে জরিমানা করার পাশাপাশি শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসে এটিই ক্রান্তি গৌড়-এর প্রথম অপরাধ।



শেয়ার করুন :