অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২০৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে আসরে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
দলের এমন বিশাল ব্যাট হাতে আহসান আল মুমিনের ১৫২ রানের ইনিংস খেলার পর বল হাতে ম্যাজিক দেখিয়েছেন তাফিউল আলম তামিম। ৭.৫ ওভারে ১৮ রান দিয়ে শিকার করেছেন ৭টি উইকেট।
এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের তিনটিতে জয় তুলে টেবিলের শীর্ষে রয়েছে আফগানিস্তান।
সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি যুবাদের। দলীয় ৪১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।
তবে একপ্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের দায়িত্ব নেন আহসান আল মুমিন। তাকে সঙ্গ দেন অধিনায়ক ফরিদ হাসান ও অল রাফি। ফরিদের ব্যাট থেকে আসে ১৭ রান, আর রাফি করেন ২১ রান।
ইনিংসের মূল আকর্ষণ ছিলেন মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের মোট ৩০৩ রানের মধ্যে একাই করেছেন ৫০ শতাংশের বেশি।
শেষ দিকে দ্রুত রান তুলে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন ফারহান সাদিক। মাত্র ৭ বলে ১৬ রান করেন তিনি, যেখানে ছিল দুটি ছক্কা।
মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারন, সাইহির আসরাফ ও অলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন আররিয়ান ইস্কান্দার ও মুহাম্মদ নুরহানিফ।
৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তাফিউল আলম তামিমের বোলিংয়ে খেই হারিয়ে ফেলে মালয়েশিয়ার ব্যাটাররা। ৩০.৫ ওভারে ৯৮ রানে মালয়েশিয়াকে গুটিয়ে দেওয়ার পথে তামিম একাই নেন ৭ উইকেঠ।
বাকিদের মধ্যে রুবায় ইসলাম রিজন ২টি এবং আল রাফি একটি উইকেট শিকার করেন।
