এনসিএলে মিঠুনের ব্যাটে ১৮২ রানের ইনিংস

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৯ নভেম্বর ২০২৬
এনসিএলে মিঠুনের ব্যাটে ১৮২ রানের ইনিংস

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচে মোহাম্মদ মিঠুনের ১৮২ রানের ইনিংসে ভালোই জবাব দিচ্ছে খুলনা। মিঠুনের দারুণ ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৩৮ রান সংগ্রহ করেছে খুলনা। হাতে থাকা বাকি ৩ উইকেট নিয়ে শেষ দিনে লড়বে খুলনা।

তাইবুর রহমানের দ্বিশতকে ৯ উইকেটে ৫১৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা বিভাগ। তবে মোহাম্মদ মিঠুনের ১৮২ রানে শক্ত অবস্থা তৈরি করে খুলনা।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ নভেম্বর) চলমান এনসিএলে ৬ষ্ঠ পর্বের ম্যাচের তৃতীয় দিনে খুলনা বিভাগ আগের দিনের ২ উইকেটে ১৩২ রান নিয়ে খেলতে নামে। মিঠুনের ব্যাটে তৃতীয় দিনে আরও ৩০৬ রান যোগ করে তারা। ফলে দিন শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৪৩৮ রান।

খুলনার মোহাম্মদ মিঠুন ৩৮৪ মিনিট ক্রিজে থেকে ২৩১টি বল মোকাবেলা করে ৫টি ছয় ও ১৬টি চারের মারে ১৮২ রান করেন। তবে রাব্বির বলে ক্যাচ তুলে সুমনের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিঠুন।

এছাড়া খুলনার আজিজুল হাকিম করেন ৮৫ রান। সৌম্য সরকার মাত্র ৭ রানে আউট হলেও কালাম সিদ্দিকী ও নূরুল হাসান উভয়েই ৪৭ রান করেন। ইমরানুজ্জামান ২২ রান করে আমিনুলের বলে এলবিডব্লিউ হন। জিয়াউর রহমান ২৫ রানে রান আউটের শিকার হন।

তৃতীয় দিন শেষে খুলনার জীবন ১৪ ও সফর আলী ১ রানে অপরাজিত আছেন। খুলনা বিভাগ ৭৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করবে, হাতে রয়েছে ৩টি উইকেট।

ঢাকার আমানুল ৬৭ রানে, রাব্বি ৭০ রানে ও আমিনুল ১৩২ রানে ২টি করে উইকেট শিকার করেছেন। শেষ দিনে জয়ের জন্য বাকি ৩ উইকেট তুলে নেওয়াই ঢাকার একমাত্র লক্ষ্য।

মো. ফয়সাল আলম রাজশাহী/আরএস



শেয়ার করুন :