বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের কোচিং প্যানেল থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার পর নতুন ব্যাটিং বিশেষজ্ঞ নিয়োগ দিল বিসিবি। দক্ষিণ আফ্রিকা সফরে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় পুরুষ দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশেষজ্ঞ ব্যাটিং হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে নিয়োগ দিয়েছে।
আশরাফুলকে সরিয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে এখন থেকে তিনি আবারও হাই পারফরম্যান্স ইউনিটে প্রধান কোচ হিসেবে ফিরে যাবেন।
৫২ বছর বয়সী বেনকেনস্টাইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন এবং দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেনকেনস্টাইন এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। এছাড়া হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারসহ ইংল্যান্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাউন্টি দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
এছাড়া নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
