বিশ্রাম নেই, দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ১০ নভেম্বর ২০২৬
বিশ্রাম নেই, দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই এবার দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুইভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়বে টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না নাজমুল হোসেন শান্তরা। জানা গেছে, দুই ভাগের মধ্যে প্রথম বহরে ১৩ জন ক্রিকেটার ও প্রধান কোচসহ মোট ১৬ জন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন। দ্বিতীয় বহরে বাকি সদস্যরা যাবেন ১১ নভেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট দ্বিতীয় টেস্ট চলাকালেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের লাল বলের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ায় সেই দল নিয়ে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ।

ঘরের মাঠে খেলা শেষ করেই দক্ষিণ আফ্রিকা গেলেও প্রস্তুতির জন্যও খুব বেশি সময় পাবে না বাংলাদেশ দল। ১৫ নভেম্বর মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৩ নভেম্বর।

দুটি টেস্টের পাশাপাশি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সীমিত ওভারের দুই সংস্করণের জন্য এখনো দল ঘোষণা করেননি নির্বাচকরা।

টেস্ট সিরিজ শেষে ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

১০ ডিসেম্বর কিম্বার্লি ওভালে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১২ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর।

বাংলাদেশের টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।



শেয়ার করুন :