জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৮ জুন ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনে ১৪০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। দলের পক্ষে সাবেক অধিনায়ক মমিনুল হকের সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের ব্যাটারদের গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৪ উইকেট শিকার করেছেন জিম্বাবুয়ের বোলার নিউম্যান ন্যামহুরি।

রবিবার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানেই উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বলে ২ রান করে থামেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টায় ৩০ রান যোগ করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও মমিনুল হক। তবে ৩টি চারে ২০ রান তুলে বিদায় নেন সাদমান। ফলে দলীয় ৩৬ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

শুরুতেই দুই উইকেট হারানোর পর ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান মমিনুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মমিনুল ৯টি চারে ৪১ এবং শান্ত ৯ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় উইকেটে ১৩০ বলে ৭৭ রানের জুটি গড়েন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে বিদায় নেন মমিনুল। ৮১ বল খেলে ১২টি চারে ৬০ রান করেন তিনি। 

দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মমিনুল আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ফলে ১৪০ রানে অলআউট হয় তারা।

শেষ ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান বাংলাদেশের।  

শান্তর ১৯ রানের পর পরের দিকে আর কোন ব্যাটারই দুই অংকে পা দিতে পারেননি। মুশফিকুর রহিম ৯, তাওহিদ হৃদয় ৩, অমিত হাসান ৪, তাইজুল ইসলাম ৯, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন। 

জিম্বাবুয়ের নিউম্যান ন্যামহুরি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা-ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ২টি করে শিকার করেন।



শেয়ার করুন :