ব্যাটিংটা খুব বেশি ভালো না হলেও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় জয় তুলেই এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলারদের নৈপূণ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাতে নারী এশিয়া কাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপের মুখে ১৭.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৫৮ রান তুলতে পারে ইন্দোনেশিয়া।
বাংলাদেশের ৭১ রানের জয়ে বল হাতে নাহিদা আক্তার ৩টি এবং মারুফা আক্তার ২টি উইকেট শিকার করেছেন। বাকিদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।
রান তাড়ায় নেমে শুরুটা ভালোই ছিল না ইন্দোনেশিয়ার। প্রথম ২.৪ ওভারেই ১৯ রান তুলে তারা। তবে এরপরই আঘাত হানে বাংলাদেশ। এরপর আর টাইগ্রেসদের সামনে দাঁড়াতে পারেনি ইন্দোনেশিয়া।
টাইগ্রেস স্পিনারদের ঘূর্ণিতে কপোকাত হয়েছে ইন্দোনেশিয়ার ব্যাটাররা। গুটিয়ে গেছে মোটে ৫৮ রানেই। ইন্দোনেশিয়ার পুরো ব্যাটিংয়ের মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বাকিরা ফিরেছেন সিঙ্গেল ডিজিটে।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসকে হারায় বাংলাদেশ। ৭ বলে ৮ রান করেই ফেরেন তিনি। ধীর গতির ব্যাটিং হলেও শুরুর ধাক্কা বড় হতে দেননি আরেক ওপেনার দিলারা আক্তার আর সোবহানা মোস্তারি। ৪০ রানের জুটি গড়েন তারা। দশম ওভারে দিলারা ফিরলে ভাঙে এই জুটি। ৩১ বলে ২৭ রান করেন তিনি।
এরপর দ্রুতই ফিরে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১১ বলে ১০ রান করেন তিনি। একপ্রান্ত আগলে রাখা সোবহানাও আর বেশি সময় উইকেটে থাকতে পারেননি। হাফ-সেঞ্চুরির আশা জাগিয়ে ফেরেন তিনি, করেন ৪২ বলে ৪০ রান।
সোবহানা ফেরার পর কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। বাকিরা অবশ্য আর দায়িত্ব নিতে পারেননি। শেষ পর্যন্ত স্বর্ণা ১৮ বলে অপরাজিত ৩১ রানে ১২৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
