এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফরে জাপান গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এছাড়া চারদিনের সরকারি সফরে এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জাপানের আইচি ও নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। ১৯ সেপ্টেম্বর পালোমা মিজুহো স্টেডিয়াম হবে উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়ান গেমসে ৪৩টি ইভেন্টে প্রায় ১০ হাজারের বেশি অ্যাথলেট অংশ নেবেন। যেখানে এবার সার্ফিং, প্যাডেল ও টেকবলের মতো নতুন খেলাগুলো যুক্ত করা হয়েছে।
এশিয়ান গেমসে এবার ২২টি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। যেখানে খেলোয়াড়, কোচ এবং অফিসিয়ালসহ মোট ২৬০ জন অংশগ্রহণ করবেন।
