বাংলাদেশে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। এ নিয়ে তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতলো মধ্য এশিয়ার দেশটি। এর আগে ২০১৫ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরো টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগের পাঁচ ম্যাচের সবগুলো জিতে ফেভারিট হিসেবে ফাইনালে আসে তারা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল আফগানিস্তান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উত্তেজনাপূর্ণ ফাইনালের শুরুতেই চমক দেখায় আফগানিস্তান, যারা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছিল। ২৫-২০ পয়েন্টে প্রথম সেট জিতে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফগানরা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৫-২১ পয়েন্টে জিতে ম্যাচে সমতা আনে।
তৃতীয় সেটটি ছিল আফগানিস্তানের দখলে, ২৫-১৮ পয়েন্টে জিতে তারা আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচ যখন আফগানিস্তানের দিকে ঝুঁকছিল, ঠিক তখনই দুর্দান্ত প্রত্যাবর্তনে চতুর্থ সেট নিজেদের করে নেয় তুর্কমেনিস্তান। ২৫-২০ পয়েন্টে সেট জিতে তারা খেলাকে নিয়ে যায় ভাগ্য নির্ধারণী পঞ্চম সেটে।
ফাইনাল এবং পঞ্চম সেটে ছিল চরম উত্তেজনা। এক সময় দুই দলের স্কোর ১১-১১-তে সমান হয়ে যায়। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে নেয় তুর্কমেনিস্তান। ১৫-১২ পয়েন্টে সেট জিতে নেয় তারা এবং উল্লাসে মেতে ওঠে পুরো দল।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভার প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সিনিয়র সহ-সভাপতি লতিফ শাহরিয়ার জাহেদী ও সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু উপস্থিত ছিলেন।
