আরচ্যারিতে পদকজয়ী তিনজনকে ৩০ লাখ টাকা দেবে সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
আরচ্যারিতে পদকজয়ী তিনজনকে ৩০ লাখ টাকা দেবে সরকার

হিমু বাছাড়- বন্যা আক্তার এবং কুলসুম আক্তার মনি (বাঁ থেকে)

ঢাকায় শেষ হলো ২৪তম তীর এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়শিপ। প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।

প্রতিযোগিতায় পদক জয়ী তিন আরচ্যারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার (১৪ নভেম্বর) সমাপণী দিনে পুরস্কার বিতরণী শেষে এ ঘোষণা দেন।

পুরস্কার বিতরণী শেষে আসিফ মাহমুদ বলেন, “অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মতো ফ্যাসালিটিজ থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করবো। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি, এই আরচ্যারির মাধ্যমে আমরা গোল্ড পাবো।”

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়শিপে বাংলাদেশের পদক জয়ে তিনি বলেন, “আমি অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণা দিতে চাই, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন মেডেল পেয়েছেন, তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্র্যত্যেককে ১০ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।”
sportsmail24

ক্রীড়া উপদেষ্টার এমন ঘোষণায় পদক জয়ী (রুপা) বন্যা আক্তার বলেছেন, “সত্যিই এমন ঘোষণা, এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আরচ্যারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগি হতে পারব।”

তিনি আরও বলেন, “শুধু তাই নয়, অনেকেই হয়তো আরচ্যারি ছেড়ে বিদেশে চলে যান, সে ক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি -এমন একটা আর্থিক পুরস্কারের ঘোষণার কথা শুনে।”

ঢাকায় গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেস। এতে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেস নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আরচ্যারির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

বিশ্ব আর্চারিতে বাংলাদেশের নেতৃত্বে অর্জনে খুশি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ ভূঁইয়া। ২৪তম তীর এশিয়ান আর‌চ্যারি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে কাজী রাজীব উদ্দীন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।



শেয়ার করুন :