রানীর বেশে বিদায় নিলেন রূপালী আক্তার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
রানীর বেশে বিদায় নিলেন রূপালী আক্তার

কাবাডির এটা একটা ঐতিহ্য। কৃতি খেলোয়াড়ের বিদায়টা হয় আড়ম্বরপূর্ণ। রূপালী আক্তারের জাতীয় দলের আনুষ্ঠানিক অবসর নেওয়াটাও হলো তেমনি। মুকুট পড়ে রানীর মত বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিলেন ৩৪ বছর বয়সী এই কাবাডি খেলোয়াড়।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমি-ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায় বিদায়ী মুকুট পড়িয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ হ্যাপি রিটায়ারম্যান্ট লেখা উত্তরীয় (শ্যাশে) পড়িয়ে দেন।

বাংলাদেশের বর্তমান দলে ২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ খেলা একমাত্র সদস্য ছিলেন রূপালী। ২০০৯ সাল থেকে কাবাডি খেলছেন তিনি। শুরুটা হয়েছিল একই বছরই এশিয়ান জুনিয়র কাবাডি দিয়ে।
sportsmail24

২০১০ সালে ঘরের মাঠে খেলেছেন দক্ষিণ এশীয় গেমস। এরপরের দুটি দক্ষিণ এশীয় গেমসেও (২০১৬ ও ২০১৯) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামালপুর থেকে উঠে আসা এই খেলোয়াড়।

তেমনি এশিয়ান গেমস খেলেছেন রূপালী ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে। ঘরোয়া পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে সাফল্য পেয়েছেন অনেক। সেই রূপালীরই আন্তর্জাতিক পথচলা থামলো এবারের কাবাডি বিশ্বকাপ দিয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের।

ক্যারিয়ারের শেষ আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে তৃতীয় হওয়ায় প্রথমবারের মতো পদক জয় করেছে রূপালির নেতৃত্বাধীন কাবাডি দল। সেমি-ফাইনালে চাইনিজ তাইপের কাছে ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ।

রাণীর মতো মাথায় মুকুট পড়ে বিদায় নিয়ে রূপালি আক্তার বলেন, “ফেডারেশন, সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে একটু আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম, ম্যাচের শুরুতে। আসলে অনেক দিন ধরে কাবাডির সাথে আছি তো, তাই।”

তিনি আরও বলেন, “ক্যারিয়ারের কোনো কিছু নিয়ে খারাপ লাগা নেই সে রকম। প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলা হবে না, তবে কোনো না কোনভাবে কাবাডির সাথেই থাকব। এটা আমার ভালোবাসার জায়গা।”



শেয়ার করুন :