বিএসজেএ মিডিয়া কাপের ড্র অনুষ্ঠিত, জার্সি উন্মোচনে সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫
বিএসজেএ মিডিয়া কাপের ড্র অনুষ্ঠিত, জার্সি উন্মোচনে সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফলতম ও পেশাদারিত্ব ধরে রাখা দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের শুরু হচ্ছে সোমবার। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই স্পন্সর এইস প্রোপার্টিজ এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে নাবিল গ্রুপ, একমি এবং ইস্পাহানি।

বরাবরের মতো দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট। আসরের সবগুলো ম্যাচ মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়েমে অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের অডিটরিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ জয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. মোখসেদুল কামাল ও একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের লেফট্যানেন্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার মো. আলী রেজা।

এছাড়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপবিষ্ট ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন রায়হান আল মুঘনি। এরপর ক্রিকেটার নুরুল হোসেন সোহানকে সাথে নিয়ে জার্সি উন্মোচন করেন আগত অতিথিরা। পরে টুর্নামেন্টের ড্র ও গ্রুপিং সম্পন্ন করেন বিএসজেএ-র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত জোবায়ের।

নিজের বক্তব্যে নুরুল হাসান সোহান বলেন, “আমার কাছে মনে হয, এটা খুব ভালো একটা উদ্যোগ। যত খেলা হবে। আমার মনে হয়, খেলার ভেতরে থাকলে মন থেকেও খুশি লাগে। আমি আশা করি, এ রকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশা আল্লাহ।”

রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম বলেছেন, “টুর্নামেন্টের সঙ্গে থাকতে পারে রংপুর রাইডার্স পরিবার গর্বিত। সাংবাদিকরা টুর্নামেন্টে খেলবেন। নিশ্চিতভাবেই আনন্দটা ছড়িয়ে যাবে। টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। এবং অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন।’’

বিএসজের সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘‘বিএসজেএর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের জন্য সংবাদকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই অপেক্ষা শেষ হলো। আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ। তারা আমাদের পাশে না থাকলে, সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই টুর্নামেন্ট সফল হতো না।’’



শেয়ার করুন :