ময়মনসিংহে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়াঙ্গনের নতুন যুগে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়াঙ্গনের নতুন যুগে বাংলাদেশ

রাজধানী ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার ত্রিশালে তৈরি হবে দেশের সবচেয়ে বড় ক্রীড়া কমপ্লেক্স ‘অলিম্পিক কমপ্লেক্স’। ১৭৩.৬ একক জমির উপর নির্মিত এই অলিম্পিক কমপ্লেক্সের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ।

রবিবার (১ ফেব্রুয়ারি) ত্রিশালের সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রস্তাবিত এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগে প্রবেশ করছে। বিওএ’র উদ্যোগে প্রথমবারের মতো নির্মিত হতে যাওয়া দেশের সবচেয়ে বড় এই স্পোর্টস কমপ্লেক্সের আকার হবে ১৭৩.৬ একর।

রাজধানী ঢাকা থেকে ৮৬ কিলোমিটার, ময়মনসিংহ শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অলিম্পিক কমপ্লেক্সের অবস্থান। এটিই হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া কমপ্লেক্স। কমপ্লেক্সে যাতায়াতের জন্য আরও ৯ একর জায়গা সেনাবাহিনী নিজ অর্থায়নে কিনেছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রকল্প পরিচালক কর্নেল মো. কুতুবউদ্দিন খান মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন। পরিকল্পনায় দেখা যায়, ইনডোর ও আউটডোর মিলিয়ে একটি পূর্ণাঙ্গ অলিম্পিক কমপ্লেক্সই এখানে হতে যাচ্ছে।

এছাড়া মাস্টারপ্ল্যানে আরও রয়েছে- তিনটি ইনডোর ভেন্যু, ফুটবল, হকি, টেনিস, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবলসহ বিভিন্ন খেলার অবকাঠামো, আবাসন ব্যবস্থা, মিডিয়া সেন্টার ও পার্কিং সুবিধা। সব মিলিয়ে এখানে ৩৩টি খেলা আয়োজন করা যাবে।

ক্রিকেট, গলফ ও রোয়িং আপাতত এই তালিকার বাইরে থাকলেও ক্রিকেট দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ায় ভবিষ্যতে এ সুবিধা যুক্ত করার আগ্রহও প্রকাশ করেছেন বিওএ সভাপতি। ফলে মাস্টারপ্ল্যানে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

দেশের প্রথম এই অলিম্পিক কমপ্লেক্স নির্মাণকাজ তদারক করছে সেনাবাহিনীর ২৪ ব্রিগেড। প্রকৌশল কাজে দেশীয় প্রতিষ্ঠান ‘ভিত্তি’ যুক্ত থাকলেও ইনডোর স্টেডিয়াম নির্মাণে অভিজ্ঞতার নীরিখে পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ডিএলএ’কে।



শেয়ার করুন :