ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর নামে বগুড়ায় ২০ একর জমির উপর জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আমিনুল হক এ তথ্য জানান।
জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের বিষয়ে আমিনুল হক বলেন, দেশের প্রতিবন্ধী ও প্যারা ক্রীড়াবিদদের একত্র করে এই কমপ্লেক্সের মাধ্যমে প্যারা স্পোর্টসকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। ভবিষ্যতে এ দেশের প্যারা ক্রীড়াবিদেরা সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে পদক এনে বাংলাদেশের গৌরব আরও বাড়াবে।
দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কোকো শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না, বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিক ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রিকেট আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি খেলোয়াড় ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন। নিজে ওল্ড ডিওএইচএস ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে ক্রিকেটের বিকাশে কাজ করেছেন।
কোকোর ক্রিকেট উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ‘হোম অব ক্রিকেট’ হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় তৈরিতে কোকোর ভূমিকা ছিল। তার উদ্যোগে একাডেমিভিত্তিক ক্রিকেট উন্নয়নের পাশাপাশি তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার কাজও এগিয়ে নেওয়া হয়েছিল।
আমিনুল হক বলেন, ক্রীড়া কূটনীতির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে কোচ এনে বাংলাদেশের ক্রিকেটকে একাডেমি ভিত্তিকভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। তার লক্ষ্য ছিল দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটকে সমন্বিত করে একটি শক্তিশালী ক্রিকেট কাঠামো তৈরি করা।
