কূটনৈতিক আলোচনা, ভারত-বাংলাদেশ ক্রীড়া সম্পর্ক স্বাভাবিকের প্রত্যাশা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৭ আগস্ট ২০২৬
কূটনৈতিক আলোচনা, ভারত-বাংলাদেশ ক্রীড়া সম্পর্ক স্বাভাবিকের প্রত্যাশা

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। নির্বাচিত নতুন সরকার আসার পর দু'দেশের সম্পর্ক কিছুটা উন্নয়ন হওয়ার সম্ভাবনা দেখা দিলেও সম্প্রতি দেশটিতে অবস্থান করা শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর আবারও খারাপ হয়েছে। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দেশে দুটির মধ্যে ক্রীড়া ইভেন্ট আয়োজনের প্রত্যাশা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (১৭ আগস্ট) ১৩টি ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‍ভারতে গত বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে কাজ চলছে। ইতিমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।

sportsmail24সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ছবি- সংগ্রহীত

চলতি আগস্ট মাসের শেষ দিকে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় ভারতের আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, দুই দেশের ক্রিকেট বোর্ড চাইলেও সরকারি নির্দেশনা না পাওয়ায় নির্ধারিত সময়ে সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। যদিও এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার উপর জোর দিয়ে আমিনুল হক বলেন, খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। আমরা খেলার মাধ্যমে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, যাতে পুনরায় দু'দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয়।

শুধু ক্রিকেট সিরিজ নয়, চলতি বছর বাংলাদেশ সাফ ফুটবলের আসর বসবে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন না হলে আসটিতেও ভারতের অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে।



শেয়ার করুন :