ঢাকায় ছয় দলের অংশগ্রহণে দিনব্যাপী হবে রাগবি কিডস ফেস্টিভ্যাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১২ নভেম্বর ২০২৬
ঢাকায় ছয় দলের অংশগ্রহণে দিনব্যাপী হবে রাগবি কিডস ফেস্টিভ্যাল

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং গুলশান ইয়ুথ ক্লাবের সহযোগিতায় মাঠে গড়াচ্ছে ‘রাগবি কিডস ফেস্টিভ্যাল-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে দিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গুলশান ইয়ুথ ক্লাবের অডিটরিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগীতার বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার উজ জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি তারেক চৌধুরী, টুর্নামেন্ট সম্পাদক মো. শরিফুল ইসলাম ভরসা এবং গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল উপস্থিত ছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) ছয়টি ক্লাব নিয়ে দিনব্যাপী গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে রাগবি কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। ক্লাবগুলো হলো- গুলশান ইয়ুথ ক্লাব, ওল্ড ডি ও এইচ এস ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রামের আগ্রাবাদ নৌজোয়ান ক্লাব।

প্রতিযোগীতায় প্রতি দলে ১০ জন করে মোট ৬০ জন ৮ থেকে ১০ বছর বয়সী ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। দুটি গ্রুপে ভাগ করে ছয়টি দলের মধ্যে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনাল খেলবে।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি তারেক চৌধুরী বলেন, প্রতিযোগীতায় অংশ নেওয়া খেলোয়াড়রা বেসিক ট্রেনিং পেয়েছে। প্রতিটি ক্লাবে কোচ পাঠানো হয়েছিল। দেশব্যাপী রাগবিকে জনপ্রিয় করতে হলে বাচ্চাদের যুক্ত করতে হবে। সেই প্রত্যাশায় পরবর্তীতে আরও ক্লাবকে যুক্ত করার চেষ্টা করবো।

তৃণমূলের প্রতিভা অন্বেষণ, শিশুদের প্রাথমিক স্তর থেকেই রাগবি খেলার সাথে পরিচয় করিয়ে দেওয়া, শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখা এবং দলীয় সংহতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশে রাগবি খেলাকে জনপ্রিয় করে তোলা এবং ভবিষ্যতের জন্য জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করাও এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য বলেও জানানো হয়। একই সাথে কোমলমতি শিশুদের মেধা বিকাশে এক অনন্য সুযোগ তৈরি করবে বলেও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন আশাবাদ ব্যক্ত করেছে।



শেয়ার করুন :