রেকর্ড ১২ কোটি ৩৭ লাখ টাকায় কলকাতায় মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫
রেকর্ড ১২ কোটি ৩৭ লাখ টাকায় কলকাতায় মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ সালের আসরের জন্য বাঁহাতি টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াইয়ে শেষ পর্যন্ত এ রেকর্ড দামে মোস্তাফিজকে কিনে নেয় কলকাতা।

আইপিএলে এবারের নিলামে ২ কোটির ভিত্তি মূল্যে ছিল বাংলাদেশের মোস্তাফিজ। তবে নিলামে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে নিয়ে লড়াই করে।

শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।

২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি ছিল। যেটি ছিল আইপিএলে খেলা কোন বাংলাদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি মূল।

আইপিএলে খেলা আট আসরে পাঁচটি দলের হয়ে খেলেছেন মোস্তাফিজ। প্রথমবারের মতো কলকাতায় দল পাওয়া মোস্তাফিজ ষষ্ঠ দলের হয়ে খেলতে যাচ্ছে মোস্তাফিজ।

এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। আট মৌসুমে ৬০ ম্যাচ খেলা মোস্তাফিজ ৬৫ উইকেট শিকার করেছেন।



শেয়ার করুন :