ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সকল ম্যাচের সম্প্রচার এবং এ সংক্রান্ত কোন অনুষ্ঠান না করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়।
‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার প্রসঙ্গে’ এক নোটিশে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, দেশটির কিছু উগ্রবাদীদের সমর্থন দিয়ে নিরাপত্তা ইস্যু তুলে দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই। কেন্দ্রের নির্দেশ মোতাবেক ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কেনা মোস্তাফিজুরকে বাদ দেয় কলকাতা।
দেশটির এমন অনৈতিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। যা পরিপ্রেক্ষিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলতে যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার নতুন করে বাংলাদেশের আইপিএলে ম্যাচ এবং এ বিষয়ে কোন অনুষ্ঠান বাংলাদেশের টেলিভিশন যেন সম্প্রচার না করে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো।
