টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

বাংলাদেশ দল না থাকলেও ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন দেশের দুই আম্পায়ার। তারা হলেন- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল।

শুক্রবার (৩০ জানুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি আম্পায়ার তালিকা প্রকাশ করেছে। ম্যাচ পরিচালনার তালিকায় বাংলাদেশের এই দুই আম্পায়ারের নাম রয়েছে।

বিশ্বকাপে শুধুমাত্র গ্রুপ পর্বের জন্য আম্পায়ার তালিকায় জানিয়েছে আইসিসি। গ্রুপ পর্বে মোট ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারকে চূড়ান্ত করা হয়েছে। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারের তালিকা পরে প্রকাশ করবে আইসিসি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৭৫টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন সাবেক বাঁ-হাতি স্পিনার বাংলাদেশের শরফুদ্দৌলা। এর মধ্যে ৫৪ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ও ২১টিতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।

গাজী সোহেল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে সব মিলিয়ে ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪০টিতে আম্পায়ার এবং ১৯টিতে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন তিনি।

৭ ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপে। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও নিউজিল্যান্ডের ওয়েইন নাইটস।

ভারত নিরাপদ না হওয়ায় দেশটিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। অনিরাপত্তার জন্য ভারত থেকে বিসিবি ভেন্যু পরিবর্তনের আবেদন করলেও আইসিসি সেদিকে না তাকিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে ভারতীয় জয় শাহ-এর নেতৃত্বাধীন আইসিসি।



শেয়ার করুন :