অস্ট্রেলিয়া সফরের জন্য এলপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩০ এএম, ২৩ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া সফরের জন্য এলপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন তাসকিন

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।দলের সঙ্গে জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফেরার পর এলপিএলের দল জাফনা কিংসের হয়ে খেলতে তাসকিনের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল।

এলপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছিল তাসকিন। তবে এলপিএল খেললে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে ঘাটতির শঙ্কায় নাম প্রত্যাহার করে নিয়েছেন তাসকিন।

ক্রিকেটে ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে তাসকিন বলেন, ‍“এলপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি। এটি মূলত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য।”

তিনি আরও বলেন, “জিম্বাবুয়েতে টানা ছয়টি ম্যাচ খেলেছি, হয়তো আমি সেখানে (এলপিএল-এ) চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। তবে সেখানে (এলপিএল-এ) খেলার পর যদি আমি দেশে ফিরে সরাসরি অস্ট্রেলিয়া যাই, তাহলে আমার টেস্ট ম্যাচের প্রস্তুতি ব্যাহত হবে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরের জন্য আগস্টের প্রথম সপ্তাহে রওনা দেবে বাংলাদেশ। সফরে ২০০৩ সালের পর প্রথমবারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই সফরকে এলপিএলে খেলার চেয়েও বড় করে দেখছেন তাসকিন। বলেন, “সামান্য ক্ষতি হলেও আমি মনে এটা ঠিক আছে। কারণ, অস্ট্রেলিয়া সিরিজ তো আর ঘন ঘন আসে না। এ কারণেই আমি সিদ্ধান্তটা নিয়েছি এবং অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও এলপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচে টেস্ট সিরিজটি চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম টেস্ট ডারউইনে ১৩ থেকে ১৭ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ ম্যাকে ২২ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন :