মাইকেল স্মিথকে ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৪ আগস্ট ২০২৬
মাইকেল স্মিথকে ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মাইকেল স্মিথকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) পিবিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন স্মিথ। ৪৬ বছর বয়সী স্মিথ আগামী দুই বছর পাকিস্তান দলের সঙ্গে কাজ করবেন। লাল বল ও সাদা বল -উভয় ফরম্যাটেই ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটার। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ৭ হাজার ২৯ রান। ব্যাট হাতে ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি ও ৪০টি অর্ধশতক রানের ইনিংস খেলেছেন।

কোচিং ক্যারিয়ারেও রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। লেভেল-৪ কোচিং সনদধারী স্মিথ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনটি ফ্র্যাঞ্চাইজি- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের কোচিং স্টাফে কাজ করেছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কোচিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড এবং ইস্টার্ন প্রভিন্স দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্মিথের।

দুই বছরের জন্য নিয়োগ পাওয়া মাইকেল স্মিথের উপর ভরসা রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যাটিং বিভাগে আরও ধারাবাহিকতা ও উন্নতি আনার আশা করছে। যা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু করবেন স্মিথ।


বিষয়ঃ

শেয়ার করুন :