সেমি-ফাইনালে ভারতের কাছে হারের পর ব্রোঞ্জ জয়ের লড়াইয়েও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। এর মাধ্যমে এশিয়ান গেমসে প্রথম কোন ইভেন্টের পদকের খুব কাছাকাছি গিয়েও বাংলাদেশকে হতাশ হতে হলো।
বাংলাদেশ হতাশ হলেও, ১২ বছর পর পাকিস্তান নারী দল এশিয়ান গেমসে পদক পনুরুদ্ধার করলো। সর্বশেষ ২০১৪ দক্ষিণ কোরিয়ার ইনচন গেমসে পাকিস্তান স্বর্ণপদক লাভ করেছিল। চার বছর আগে ২০২২ হাংজু গেমসে পাকিস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেছিল বাংলাদেশ। সে হিসেবে পাকিস্তানের জন্য ম্যাচটা অনেকটাই প্রতিশোধেরও ছিল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানার সর্বোচ্চ ৪৫ রানের সুবাদে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করে। ফাতিমা ৩০ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৪৫ রান করেন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার গুল ফিরোজা ২৩ বলে ৬টি বাউন্ডারিতে ৩১ রান সংগ্রহ করেছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার, স্বর্ণা ও রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস ৭ উইকেটে ১১৪ রানে গুটিয়ে যায়। শারমিন আক্তার ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। তিনি ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে করেন ২৫ রান।
পাকিস্তানের উম্মে হানি ১০ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তানী ব্যাটারদের যতটা আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করতে দেখা গেছে তা মোটেও চোখে পড়েনি বাংলাদেশের ব্যাটিংয়ে। ব্যাটিং সহায়ক উইকেট হলেও বাংলাদেশের কোন জুটি বড় হয়নি। বাংলাদেশের ৫০ রান আসে ১১.৩ ওভারে, এরপর ১৮.৪ ওভারে আসে শতরান।
