নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় পাওয়ায় আইসিসি থেকেও সুখবর পেল বাংলাদেশ। সিরিজ জয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট পেয়েছে টাইগাররা। র্যাংকিংয়ে বাংলাদেশ আগের মতো নবম স্থানে থাকলেও ৮৩ রেটিং নিয়ে বিশ্বকাপে পথে শক্ত অবস্থান তৈরি হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে র্যাংকিংয়ের বাংলাদেশের নবম স্থান পাকাপোক্ত হয়েছে। ফলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া ২০২৭ সালে ৩১ মার্চ পর্যন্ত র্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে। তবে স্বাগতিকরা সেরা আটের মধ্যে থাকলে র্যাংকিংয়ের ১০ নম্বর পর্যন্ত দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা পঞ্চম ও জিম্বাবুয়ে ১১তম স্থানে আছে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দক্ষিণ আফ্রিকার আট নম্বরের নিচে নামার এবং জিম্বাবুয়ের ৮ নম্বরের ওপরে ওঠার সুযোগ তেমন নেই। ফলে র্যাংকিংয়ের ৯ নম্বর জায়গা ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।
বর্তমানে দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন-৬। নিজেদের পরের সিরিজে র্যাংকিংয়ে তিন নম্বর স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর শীর্ষ দল ভারতের বিপক্ষেও সিরিজ আছে টাইগারদের।
দুই সিরিজে জিততে পারলে ভালো পয়েন্ট পাবে টাইগাররা। তবে হারলেও খুব বেশি পয়েন্ট বেশি কমবে না বাংলাদেশের। যে কারণে ৮৩ রেটিং নিয়ে র্যাংকিংয়ের নবম স্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার ক্ষেত্রে ভালো অবস্থায় আছে বাংলাদেশ।
