বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৯ জুন ২০২৬
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে দিয়েছে অসিরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। এর আগে একবার খেলা দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অসিরা।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। দলের পক্ষে ব্যাট হাতে ৪টি চার ও ৫টি ছক্কায় ৫২ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৯ রান রেনশ।

বাংলাদেশের পক্ষে নাসুম ২টি, সাকলাইন-রানা ও মোস্তাফিজুর ১টি করে উইকেট নেন।

সিরিজে টিকে থাকতে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে ২২ বলে ৪৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান। জুটিতে ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ৩০ রান করে থামেন তানজিদ।

রানের গতি ধরে রেখে তিন নম্বরে নামা সৌম্য সরকারের সাথে ১৯ বলে ২৯ রান যোগ করেন সাইফ। দলীয় ৭৭ রানে সৌম্য আউট হলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩টি চারে ৯ বলে ১৫ রান করেন সৌম্য।

তৃতীয় উইকেটে ৩৬ বলে ৫৩ রানের ঝড়ো জুটিতে বাংলাদেশকে জয়ের লড়াইয়ে রাখেন সাইফ ও পারভেজ হোসেন ইমন। তাদের জুটির কল্যাণে এক পর্যায়ে জয়ের জন্য ৮ উইকেট হাতে নিয়ে ৪৪ বলে ৬৭ রান দরকার পড়ে বাংলাদেশের।

১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৩০ রানে ইমনকে শিকার করে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন পেসার অ্যারন হার্ডি। এরপরই পথ হারায় বাংলাদেশ।

দলীয় ১৩৪ রানে সাইফ ও ১৫৩ রানে শামিম হোসেন আউট হওয়ার পর বাংলাদেশের জয়ের পথ কঠিন হয়ে পড়ে। শেষ ৩ ওভারে ৪২ রান দরকার পড়ে টাইগারদের।

১৮তম ওভারে ৮ ও ১৯তম ওভারে ১১ রানে এলে, ম্যাচের শেষ ওভারে ২৩ রানের দরকারে ১ উইকেটের বিনিময়ে ১৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান করে ম্যাচ ও সিরিজ হারে টাইগাররা।

ইমন ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৬, সাইফ ৩৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ এবং শামীম ৭ রান করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২২ বলে ৩৫ রান করেন অধিনায়ক তাওহিদ হৃদয়।

১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন সাকলাইন। ষষ্ঠ উইকেটে ২১ বলে ৩৬ রানের জুটি গড়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি হৃদয় ও সাকলাইন।

অস্ট্রেলিয়ার হার্ডি ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার রেনশ।



শেয়ার করুন :