ফুটবল বিশ্বকাপ চলছে। এর মাঝে ঘটে গেল এক বিরাট ঘটনা। কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল ভারত এবার আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে খেলে ভারতকে লজ্জা দিলো আইরিশরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও আয়ারল্যান্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেছে শ্রেয়স আইয়ারের দল। ভারতে যেতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে আয়ারল্যান্ডকে যুক্ত করা হয়েছিল।
প্রথম ম্যাচে ৩৪ রানে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১ রানের জিতে সিরিজ জয়ের পাশাপাশি ভারতকে হোয়াইটওয়াশ করে স্বাগতিক আয়ারল্যান্ড। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দেশের বিপক্ষে আইপিএলের দেশ ভারতের নামের পাশে যুক্ত হলো এক লজ্জার রেকর্ড।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতে পারেনি ভারত। আয়ারল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ৩৪ রানের জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য লড়াই করেছে ভারত। তবে হার এড়াতে পারেনি ভারত। প্রথমে ব্যাট করে ১৫৪ রান করে আয়ারল্যান্ড। সেই রান তাড়া করেও জিততে পারেনি বিশ্বচ্যাম্পিয়ন ভারত, হেরে গেছে ১ রানে।
আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার ভারতের সামনে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে। সামনে ইংল্যান্ড সিরিজ়। ভারত পারবে কি ঘুরে দাঁড়াতে?
এছাড়া বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়সকে অধিনায়ক করা হয়েছে। ব্যাট হাতে রান না পাওয়ায় অধিনায়কত্ব নিয়ে প্রথম সিরিজেই প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডে জবাব দিতে না পারলে শ্রেয়সের উপর চাপ আরও যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
