পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে খেলার জন্য সরাসরি চুক্তিতে বাংলাদেশ বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে লাহোরের হয়ে খেলবেন ফিজ।
বৃহস্পতিবার (৫ ফ্রেবুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
লাহোর জানায়, মোস্তাফিজুর রহমানকে এর আগে ২০১৬ এবং ২০১৮ সালেও দলে নেওয়া হয়েছিল। এখন তাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে আবারও পরিবারে ফিরে গেছেন ফিজ। একবার কালান্দার হলে চিরকাল কালান্দার। ৬.৪৪ লাখ রুপিতে তাকে দলে নেওয়া হয়েছে।
২০১৬ লাহোর দলে থাকলেও খেলার সুযোগ পাননি মোস্তাফিজ। ২০১৮ আসরে লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলে ওভার প্রতি ৬.৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
পিএসএলের আগের দশ আসর ড্রাফট পদ্ধতিতে হলেও প্রথমবারের মতো আগামী আসরে নিলাম অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই বিদেশি কোটায় সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নিয়েছে লাহোর।
নতুন দু’টি দল যুক্ত হওয়ায় এবারের আসরে ৮টি দল নিয়ে পিএসএল মাঠে গড়াবে। ২৩ মার্চ থেকে শুরু হবে পিএসএলের একাদশ আসর।
