পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম। হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পরামর্শ দেবেন আমিনুল।
লাহোর কালান্দার্সের পক্ষ থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আমিনুল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে লাহোর কালান্দার্স এমন উদ্যোগ নিয়েছে।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন।
এছাড়া খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আমিনুল।
সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে দেশে নতুন সরকার গঠনের পর বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর থেকে আলোচনার বাইরে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
