সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ পিএম, ১০ নভেম্বর ২০২৬
সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। বুধবার আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের (মিনিস্ট্রি টার্ফ-২) মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে পাকিস্তান। তিন ম্যাচে ছয় পয়েন্ট ও ১.১৮৬ নেট রান রেট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে দেশটির যুবারা।

গ্রুপ ‘এ’-র শীর্ষ দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান গ্রুপ ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনাল খেলবে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ।

আট দলের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে একই দিন আল আমেরাতের টার্ফ-১ মাঠে মুখোমুখি হবে ভারত ও গ্রুপ ‘বি’-র শীর্ষ দল আফগানিস্তান।

আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে সর্বশেষ দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগের আসরের রানার্সআপ ভারত নেপালকে ১০ উইকেটে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে অল্প ব্যবধানে হেরে যায়।



শেয়ার করুন :