দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনের শেষ বেলায় ২ উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে ফিরেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনেও সেই ধারাবাহিকতা ধরে রাখলো হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। ১৫ রানের মধ্যে ৩ উইকেট শিকার করে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান। বাংলাদেশের ৪০০ রানের সংগ্রহ থেকে এখনও ১৪ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
আগের দিনের ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে মাঠ ছাড়ার আগ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পথে ছিল তারা।
আগের দিন থেকে অপরাজিত থাকা বাভুমা ও রায়ান রিকেলটন দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের বোলিং আক্রমণ সামলে রান তুলতে থাকেন।
দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৩৫৮ রান থাকার সময় পেশির টানে মাঠ ছাড়েন বাভুমা। তখন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৯ রান। তিনি অবসর নিয়ে মাঠ ছাড়ার পর নতুন বল নেয় বাংলাদেশ। আর বল হাতে নিয়েই দ্রুত দুই উইকেট তুলে নেন তাসকিন।
প্রথমে কোনো রান না করেই উইয়ান মুল্ডারকে ফেরান তিনি। এরপর ৮ রান করা মার্কো জানসেনকেও সাজঘরে পাঠান এই পেসার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য থাকা দুই ব্যাটারের বিদায়ে লিড নেওয়ার সম্ভাবনা জোরালো হয় বাংলাদেশের।
এরপর সাইমন হারমারকে ফিরিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেন হাসান মাহমুদ। তবে একপ্রান্ত আগলে রেখে ৫৬ রানে অপরাজিত রয়েছেন রিকেলটন। দিনের প্রথম বিরতিতে তার সঙ্গে ৫ রানে ব্যাট করছিলেন কাগিসো রাবাদা।
চোটের সমস্যায় থাকা হাসান সেশনের শেষ দিকে ৭২ রানে ৪ উইকেট শিকার করেছেন। তাসকিনের সংগ্রহ ৮৮ রানে ২ উইকেট।
