ঢাকা জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতার শিরোপা জিতেছে সাভার উপজেলা। শনিবার পুরোন ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিযোগিতার ফাইনালে ধামরাই উপজেলাকে ৫৬-১৪ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে সাভার উপজেলার তরুণরা।
ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ সকালে দিনব্যাপী এ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথমবারের মতো ঢাকা জেলা প্রশাসন এ কাবাডি প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করে।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগ ও আয়োজনে এবং ঢাকা জেলা ক্রীড়া অফিস ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কাবাডি প্রতিযোগিতায় ঢাকা জেলার ৫ উপজেলা (সাভার, ধামরাই, কেরানিগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ ) অংশ নেয়।
দিনব্যাপী এ নকআউট টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় সাভার ও ধামরাই। ফাইনালের আগে ধামরাইকেও বেশ গোছালো ও শক্তিশালী দল বলে মনে হচ্ছিল। তবে দুপুরে প্রতিযোগিতার ফাইনালে সাভার উপজেলার গতিময়, কৌশলী , উদ্যমী ও উজ্জিবীত নৈপুণ্যের সামনে দাঁড়াতেই পারেনি ধামরাই উপজেলা।
ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ করেন। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগও ফাইনাল খেলা দেখেন এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ের কাবাডি টুর্নামেনেন্টের আহবায়ক ও ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ৩ সদস্য বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান বাবু ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইউসুফ আলী এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা প্রশাসক তানভির আহমেদের প্রত্যাশা তারুণ্যের এ আয়োজন তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে সহায়তা করবে। এছাড়া মোবাইলে আসক্তি, মাদক সেবন ও সন্ত্রাসী কার্যক্রম থেকেও তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের আয়োজন অব্যহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
