জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরে নেই কোচ সারোয়ার, টিম ম্যানেজার ফায়াজও বাদ

রোকুনুজ্জামান সেলিম রোকুনুজ্জামান সেলিম প্রকাশিত: ১২:০৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরে নেই কোচ সারোয়ার, টিম ম্যানেজার ফায়াজও বাদ

সারোয়ার ইমরান এবং এস এম গোলাম ফায়াজ (বাঁ থেকে)

তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এ সফরে দলের সাথে যাওয়া হচ্ছে না কোচ সারোয়ার ইমরান এবং বিতর্কিত টিম ম্যানেজার এস এম গোলাম ফায়াজের। নতুন কোচ ডেভিড হেম্পের অধীনে ক্রিকেটার এবং কোচিং-স্টাফ মিলে ২৯ সদস্যের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সমপরিমাণ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল। তবে আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তন আনায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়েছে অস্ট্রেলিয়া।

এদিকে, প্রথমবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও দায়িত্ব পালন করা নিয়মিত কোচ সারোয়ার ইমরানকে অস্ট্রেলিয়া সফরে রাখা হচ্ছে না। এছাড়া অস্ট্রেলিয়া সফরে দলের সাথে থাকছেন না দলের ভেতরে নানা কর্মকাণ্ডে বিতর্কিত টিম ম্যানেজার এস এম গোলাম ফায়াজ।

অস্ট্রেলিয়া সফর উপলক্ষে অনুমোদনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ে ২০ জন ক্রিকেটার এবং ৯ জন কোচিং স্টাফ ও কর্মকর্তার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন ডেভিড হেম্প। অর্থাৎ, অস্ট্রেলিয়া সিরিজ থেকে সারোয়ার ইমরানকে বাদ দিয়ে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। যদিও বিসিবি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেছিলেন ডেভিড হেম্প। এছাড়া জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এবার নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ হলেন হেম্প। যা অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে।
sportsmail24
অস্ট্রেলিয়া সফরে নারী দলের প্রধান কোচ ডেভিড হেম্প, ফাইল ফটো
নারী এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া এশিয়ান গেমসে নিজেদের বিদায়ের পর কোচ সারোয়ার ইমরানের একটি মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিবি। বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া কথা হয়েছে।

সারোয়ার ইমরান ছাড়াও অস্ট্রেলিয়া সফরের তালিকায় নাম নেই টিম ম্যানেজার এস এম গোলাম ফায়াজের। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ইস্যুতে বিসিবি কর্তৃক চার কর্মকর্তাকে ওএসডি করার একজন ছিলেন গোলাম ফায়াজ। সর্বশেষ এশিয়ান গেমসে দলের সাথে থাকলেও অস্ট্রেলিয়া সফরে তাকে আর রাখা হয়নি।

ফায়াজের পরিবর্তে অস্ট্রেলিয়া সফরে দলের মেনেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির নারী বিভাগের ইনচার্জ বুলবুল বাশার। তবে এই সফরে দলের সাথে রাখা হয়নি কোন মিডিয়া মেনেজারও। এছাড়া টানা দশ বছরের অধিক সময় ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও কাঙ্ক্ষিত উন্নতি করতে না পারায় নাসিরউদ্দিন ফারুককেও এই সফরে রাখা হয়নি।

অস্ট্রেলিয়া সফরের জন্য এখনো দল ঘোষণা না করলেও ২০ জন ক্রিকেটারকে তালিকায় চূড়ান্ত করেছে বোর্ড। জানা গেছে, তালিকা অনুযায়ী ২০ জনের ভিসাও প্রস্তুত করা হয়েছে। তালিকায় থাকা ২০ জনের মধ্য থেকেই দল বাছাই করা হবে। এছাড়া কোচিং স্টাফ ও কর্মকর্তার মিলে ৯ জনের তালিকাও চূড়ান্ত।

প্রধান কোচ ডেভিড হেম্প এবং টিম মেনেজার বুলবুল বাশার ছাড়া বাকি পাঁচজন হলেন- পেস বোলিং কোচ আলমগীর কবির, স্পিন বোলিং কোচ হুমায়ুন কবির, ফিল্ডিং কোচ গোলাম মোস্তফা, ফিজিও সুরাইয়া আক্তার, পারফরম্যান্স অ্যানালিস্ট রাশেদ ইকবাল, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সজিব দত্ত এবং মাসিউস হিসেবে রয়েছেন বিথি রাণী।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানেড ম্যাচের আগে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচও খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজের বাকি দুটি ওয়ানেড অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ এবং ১৪ অক্টোবর। পর দিন ১৫ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।



শেয়ার করুন :