বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’

দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো দল পরিচালনার দায়িত্ব গেল ফ্র্যাঞ্চাইজির হাতে। তিন বছরের জন্য ছয় ফ্র্যাঞ্চাইজির কাছে দলগুলোর মালিকানা দেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট। যার না দেওয়া হয়েছে ‘ডি থ্রি’।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে বিসিবি। টি-টোয়েন্টি, ৫০ ওভারের ক্রিকেট ও চার দিনের ম্যাচ -এই তিন সংস্করণকে একসঙ্গে করে আয়োজন করা হবে ‘ডমেস্টিক থ্রি ট্রফি’, সংক্ষেপে যা ‘ডি থ্রি’।

তিন বছরের চুক্তিতে ছয়টি প্রতিষ্ঠানকে দলের স্বত্বাধিকার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ।

‘ডি থ্রি’ নামে নতুন কাঠামোর এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় নিতে পারবে। তবে এই ২৩ জনকেই খেলতে হবে তিন সংস্করণে। অর্থাৎ টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটের জন্য আলাদা দল গড়ার সুযোগ থাকবে না তাদের।

সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট। জানুয়ারিতে হবে প্রথম শ্রেণির ক্রিকেট এবং মে মাসে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণের ম্যাচ। প্রথমবারের মতো বরিশাল স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

বিসিবি জানিয়েছে, প্রতি মৌসুমে প্রতিটি দল অন্তত ১৭টি টি-টোয়েন্টি, ৭টি লাল বলের ম্যাচ ও ১৬টি ওয়ানডে খেলবে। সব মিলিয়ে প্রতি দলকে খেলতে হবে অন্তত ৪২টি ম্যাচ।

নতুন কাঠামো নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, “ঘরোয়া ক্রিকেট তার আকর্ষণ হারিয়েছে বলে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। ম্যাচ পাতানো (ফিক্সিং) নিয়েও নানা সময়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। এসব বিষয় মাথায় রেখেই ঘরোয়া ক্রিকেটে আগের রূপ ও আগ্রহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “একটি বিষয় আমি এবং আমার বোর্ড একদম শক্তভাবে বিশ্বাস করি যে, আমরা চেষ্টা চালিয়ে যাব। আমি জানি না সফল হব কি না; তবে একটি বিষয় নিশ্চিত, আমি বা আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পায় না।”


বিষয়ঃ

শেয়ার করুন :