বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো খেলবেন বাংলাদেশের হার্ড-হিটার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
আবদুল্লাহ শফিকের বদলি হিসেবে লাহোরের হয়ে খেলবেন ২৫ বছর বয়সী শামীম। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তান টেস্ট দলে ডাক পাওয়ায় জিএসএল থেকে শফিক সরে দাঁড়িয়েছেন।
দেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন শামীম।
লাহোরের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত ৩ ইনিংসে ৭১ রান করেছেন তিনি। এবার ছুটি কাটাতে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে লাহোরের কাছ থেকে সুখবর পেলেন শামীম।
জাতীয় দলের হয়ে এখন অবধি ৭ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টি খেলেছেন শামীম। ওয়ানডেতে ৯.৫৭ গড়ে ৬৭ রান এবং টি-টোয়েন্টিতে ১৭.৭৪ গড় ও ১২২.৭২ স্ট্রাইক রেটে ৬২১ রান করেছেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪৬টি ম্যাচে আটটি হাফ-সেঞ্চুরিতে ২১.৩৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইক রেটে ২,১৫৮ রান করেছেন শামীম।
পাঁচ দলের জিএসএল টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে লাহোর। বুধবার সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে লাহোরের হয়ে অভিষেকের সম্ভাবনা রয়েছে শামীমের।
