বিশ্বকাপের আগে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

মোশারফ হোসাইন মোশারফ হোসাইন প্রকাশিত: ০১:২৯ এএম, ২২ মে ২০২৬
বিশ্বকাপের আগে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ২৪ মে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলটির বিদায়ের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে নারী ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের পাশাপাশি বিসিবি পরিচালক এবং সমাজের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানও অংশ নেন।

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের গ্রুপে নেই। তাই ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকেও সমর্থন করতে কোনো জটিলতা নেই। তার এই বক্তব্যে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে সাড়া দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের প্রধান রাশনা ইমাম ব্রিটিশ হাইকমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,“বাংলাদেশ নারী ক্রিকেটাররা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বিশ্বমঞ্চে খেলছে। তাদের গল্প নারী সমাজের জন্য অনুপ্রেরণামূলক।” 

সংক্ষিপ্ত বক্তব্য শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্রিটিশ হাইকমিশনারের হাতে বাংলাদেশ দলের জার্সির স্মারক তুলে দেন।

বিসিবির পক্ষ থেকে আরেকটি স্মারক প্রদান করেন বিসিবি পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ। পরে হাইকমিশনার ও জাইমা রহমান নারী ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় জাইমা রহমান ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “যে দেশে খেলতে যাব, সেই দেশের দূতাবাস থেকে এমন আয়োজন অবশ্যই অনুপ্রেরণার। আমরা বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চাই।”



শেয়ার করুন :