দেশজুড়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে মাঠ মাতিয়েছে দুই বিস্ময় বালক। চট্টগ্রাম ও ময়মনসিংহে পৃথক দুটি ম্যাচে বল-ব্যাটে অবিশ্বাস্য পারফর্ম্যান্সে নজর কেঁড়েছে ইমরান খান এবং ইভান রায়হান ইশান।
চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বুধবার (৬ মে) ব্যাট হাতে টর্নেডো বইয়ে দেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে খেলে ১১০ রানের দানবীয় এক ইনিংস।
ইশানের বিধ্বংসী এই ইনিংসে ছিল ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার। ইশানের ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে কোতোয়ালি।
জবাবে মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়, ফলে কোতোয়ালি পায় বিশাল জয়। ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র ইশানের এমন ব্যাটিং শৈলী এখন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আলোচনার তুঙ্গে।
অন্যদিকে, ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ক্রিকেট বালক বিভাগের খেলায় বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের এই ম্যাচে ইমরান এক অভাবনীয় স্পেল উপহার দেন।
বল হাতে মাত্র ২ ওভারে ৪ রান খরচায় শিকার করেন প্রতিপক্ষের ৫টি উইকেট। তার এমন বিধ্বংসী বোলিংয়ে গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে ত্রিশাল উপজেলা।
সারাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনে ইশানের সেঞ্চুরি এবং ইমরানের ৫ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের জৌলুস আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
প্রথমবারের মতো আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারাদেশ থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনা হবে। ক্রীড়া নিয়ে বর্তমান সরকারের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
