পিছিয়ে গেল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
পিছিয়ে গেল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ সালের আসরের জন্য পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না খেলোয়াড় নিলাম। এবার এক সপ্তাহ পিছিয়ে নতুন করে দিনক্ষণ নির্ধারণ করা হলো। নতুন সময়ানুযায়ী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত সোয়া ১০টায় বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএলে ২০২৬ আসরের জন্য খেলোয়াড়দের নিলাম ৩০ নভেম্বর নির্ধারণ করেছে। ওই দিন (রবিবার) র‍্যাডিসন ব্লু-তে বিকেল ৩টা থেকে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ নভেম্বর জানানো হয়েছিল, পাঁচ দল নিয়ে এবারের আসরের খেলোয়াড় নিলাম ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে ঘোষিত সেই প্লেয়ার্স ড্রাফটের তারিখে হচ্ছে না।

প্লেয়ার্স ড্রাফট এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার বিষয়ে বলা হয়, সকল স্টেকহোল্ডারদের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করতে এবং একটি সুসংগঠিত নিলাম ইভেন্ট পরিচালনা করার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হলেও খেলা মাঠে গড়ানো নিয়ে কিছু বলা হয়নি। এর আগে জানানো হয়েছিল, বিপিএলের ১২তম আসরে শুরু হবে ১৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

বিপিএলর এবারের আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। ইতিমধ্যে দলগুলোর মালিকানাও নিশ্চিত করেছে বিসিবি।



শেয়ার করুন :