শিগগিরই নারীদের নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের ১২তম আসরের নিলাম শুরুর আগে বিসিবি সভাপতি এ ঘোষণা দিয়েছেন।
বোরবার (৩০ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে ১২তম বিপিএলের প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হয়।
বিপিএলের নিলাম শুরুর আগে বুলবুল বলেন, “খুব দ্রুতই নারীদের বিপিএল শুরুর পরিকল্পনা আছে বিসিবির। পুরুষ বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের নারীদের প্রতিযোগিতায় দল নেওয়ার সুযোগ দেওয়া হবে।”
তিনি আরও জানান, “নারী বিপিএলে দল নেওয়ার ক্ষেত্রে পুরুষ ফ্র্যাঞ্চাইজিরা অগ্রাধিকার পাবে।”
বিপিএলের একাদশ আসরেও এমন পরিকল্পনা করেছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত সেটি আর বাস্তবায়িত হয়নি। এবার আবারও নারী বিপিএল আয়োজনের কথা জানানো হলো।
