২০০ টাকায় দেখা যাবে বিপিএলের খেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫
২০০ টাকায় দেখা যাবে বিপিএলের খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বিপিএলের দিনের দুটি ম্যাচ সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে।

বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। বিপিএল শুরুর পাঁচদিনের আগে থেকে (২১ ডিসেম্বর) টিকিট বিক্রি শুরু হবে। এবারের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে সিলেট পর্ব শেষ হবে ২ জানুয়ারি।

শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলটের গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতিটি আসনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। ক্লাব হাউস (আপার) টিকিটের মূল্য ৫০০ টাকা।

এছাড়া শহীদ তুরাব স্ট্যান্ড এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ায় টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২৫০ টাকায়। আর ক্লাব হাউসের ‘জিরো ওয়েস্ট জোন’-এর টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিট কোনো বুথে সরাসরি বিক্রি করা হবে না। বিসিবির টিকিট বিক্রির ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।



শেয়ার করুন :