চট্টগ্রামে যাচ্ছে না বিপিএল, সিলেট পর্বে বাড়লো ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে যাচ্ছে না বিপিএল, সিলেট পর্বে বাড়লো ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর চট্টগ্রামে যাচ্ছে না। শুধুমাত্র সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ সামনে রেখে সময় স্বল্পতার কারণে আয়োজক ভেন্যুর তালিকা থেকে চট্টগ্রামকে বাদ দিয়েছে বোর্ড।

প্রাথমিক সূচি অনুযায়ী, সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ৩ জানুয়ারি। এরপর টুর্নামেন্টটি চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর টুর্নামেন্ট স্থগিত হওয়ায় বিসিবিকে সেই সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমাদের সামনে দুই দিনের একটি বিরতি রয়েছে। এই দুই দিন সামঞ্জস্য করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএল শুধুমাত্র দুই ভেন্যুতে আয়োজন করার।”

তিনি বলেন, “এভাবে না করলে সময়সূচি ঠিক করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামে ম্যাচ বাতিল করতে বাধ্য হচ্ছি- এ জন্য চট্টগ্রামের দর্শকদের কাছে আমরা দুঃখিত। এতে করে আমরা দুই দিনের ভ্রমণ সময় বাঁচাতে পারবো।”

সংশোধিত সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিযোগিতা ঢাকায় স্থানান্তরিত হবে। ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। একই দিনে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ হিসেবে প্রথম কোয়ালিফায়ার আয়োজন করা হবে। এক দিনের বিরতির পর ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।


বিষয়ঃ

শেয়ার করুন :