অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই দেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করার বার্তা দিলেন তামিম ইকবাল। বলেন, “আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশন (ভাবমূর্তি) ঠিক করা।”
নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তদন্তের পর মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড ভেঙে দেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সাথে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দেয় দেশের ক্রীড়া অভিবাবক এনএসসি।
দায়িত্ব পাওয়ার বিসিবিতে সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম ইকবাল। বলেন, “আজকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যেটা প্রথমেই মনে করি, এখানে যখনি কেউ একজন দায়িত্ব পান তখনি ডেভেলপমেন্টের কথা বলেন, কিংবা বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশন (ভাবমূর্তি) ঠিক করা।”
বিসিবি প্রধান বলেন, “সর্বশেষ এক-দেড় বছরে বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশন যে পরিমান ড্যামেজ হয়েছে, এই রেপুটেশন ঠিক করাটা হলো আমাদের প্রধান কাজ। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা তিন মাসের মধ্যে। এই দায়িত্বটা যতটা সততার সাথে করতে পারি এবং যতটা দ্রুত করতে পারি, করবো।”
তিনি আরও বলেন, “একই সাথে আমরা ক্রিকেটের নিয়মিত যেসব কাজ রয়েছে, বিশ্বকাপ ইস্যু রয়েছে, যা কিছু দরকার এবং সঠিক আমরা তাই করবো।”
এছাড়া বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
