এশিয়ান বিচ গেমস কাবাডির প্রথম দিনেই দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশ। চীনের সানিয়ায় অনুষ্ঠিত এই গেমসে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুরুষ ও নারী উভয় বিভাগেই বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। পুরো ম্যাচে বাংলাদেশ ৩১ পয়েন্টের এক বিশাল লিড বজায় রেখে মাঠ ছাড়ে।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা।
অন্যদিকে, রক্ষণভাগও ছিল শক্তিশালী, যা সিরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।
এর আগে থাইল্যান্ডের বিপক্ষে সকালে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টে জয় পায় টাইগ্রেসরা। নারীদের এই জয়টি দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, যা পরবর্তী ম্যাচগুলোতে প্রভাব ফেলবে।
