পাবনায় অনুষ্ঠিত হলো ‘২০ ওভারের টেস্ট ক্রিকেট’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬
পাবনায় অনুষ্ঠিত হলো ‘২০ ওভারের টেস্ট ক্রিকেট’

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ২০ ওভারের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী পাকশী রেলওয়ের ফুটবল মাঠে পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ এর উদ্যোগে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ ও রেস্ট অব ওয়েস্ট জোন নামে দুটি দল ম্যাচটিতে অংশগ্রহণ করে। ম্যাচটি টেস্ট ক্রিকেটের মতো দুই ইনিংসে খেলা হলেও প্রতি ইনিংসের পরিধি ছিল ২০ ওভার।

টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রেস্ট অব ওয়েস্ট জোন ১৭ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৮৬ রান করে। দলের পক্ষে অধিনায়ক তন্ময় ৩৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। বিপরীতে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ দলের নাজিম ৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট।

জবাবে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ দল প্রথম ইনিংসে ২০ ওভারে ১৩০ রানে অলআউট হলে ৪৪ রানের লিড পায়। দলের পক্ষে ২২ বলে সর্বোচ্চ ২৯ রান করেন সারোয়ার। রেস্ট অব ওয়েস্ট জোনের রাজু ১৯ রানে ৩টি উইকেট লাভ করেন।

৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রেস্ট অব ওয়েস্ট জোন ১৯.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়। দলের পক্ষে আশিক ১৭ বলে ৩৮ রান, অধিনায়ক তন্ময় ২১ বলে ৩৭ রান করেন। পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ দলের এফ.এম ৩০ রানে ৪টি উইকেট সংগ্রহ করেন।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রান। তবে ১৬.৩ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় পাকশী বিভাগীয় রেলওয়ে একাদশের ইনিংস। ফলে ৩০ রানে জয় পায় রেস্ট অব ওয়েস্ট জোন একাদশ।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ পাকশী দলের পক্ষে ২৮ বলে ২৪ রান করেন দলীয় অধিনায়ক সুমন। রেস্ট অব ওয়েস্ট জোন একাদশের পক্ষে সনি ২৫ রানে ৩টি উইকেট সংগ্রহ করেন।

উভয় ইনিংস মিলে দলের পক্ষে ৩১ রান এবং ৫ উইকেট লাভ করায় রেস্ট অব ওয়েস্ট জোন একাদশের লেলিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ক্রিকেটের নব্য এই সংস্করণের স্বাক্ষী হয় পাকশী রেলওয়ে মাঠ ও অংশগ্রহণকারী দুই দল। পুরো ম্যাচে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলীয় পাকশীর বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ এবং বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মানী পুরস্কার তুলে দেওয়া হয়।

পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, আমি ছোটবেলা থেকে ক্রিকেট প্রেমী মানুষ। বাংলাদেশের ইতিহাসের প্রথম ঈশ্বরদীতে ‘টেস্ট-২০ ম্যাচ’ অনুষ্ঠিত হলো। রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারীদের চাকরির পাশাপাশি ছুটির দিনগুলোতে খেলাধুলামুখী করতে আমার এমনই উদ্যোগ, যা চলমান রেখেছি।

শাহীন রহমান, পাবনা/আরএস



শেয়ার করুন :