আইসিসি পুরুষ ক্রিকেটার অব দ্য মান্থ পুরস্কারে এপ্রিল মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। বল হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনজনের তালিকা জায়গা পেয়েছেন রানা।
বুধবার আইসিসি এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনীতদের নাম প্রকাশ করে। সেখানে বাংলাদেশের তরুণ এই পেসারের সঙ্গে রয়েছেন ওমানের অধিনায়ক যতীন্দার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জয় করে নিয়েছিলেন ২৩ বছর বয়সী এই গতি তারকা।
বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে তার আগুনঝরা বোলিংয়ে সবার নজর কেঁড়েছিল। ওই ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫৫ রানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও নেন ২ উইকেট।
অন্যদিকে, ওমানের জতিন্দর সিং এপ্রিল মাসে ওয়ানডেতে ৫৩.২০ গড়ে ২৬৬ রান করেছেন। নেপালের বিপক্ষে ৯১ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন তিনি, যা ওমানের কোনো ব্যাটারের সর্বোচ্চ ওয়ানডে স্কোর।
এছাড়া আরব আমিরাতের আজয় কুমার ওয়ানডে ক্যারিয়ারের শুরুতেই আলো ছড়িয়েছেন। বাঁহাতি এই পেসার ৩.৬৬ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন। নেপালের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে শিকার করেন ৬ উইকেট।
